Dhaka Mail Logo

জাতীয়

উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব

নিজস্ব প্রতিবেদক

০২ অক্টোবর ২০২৬, ১১:১০ এএম

দেশের সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে কম সময়ে ও কম খরচে উৎপাদন বাড়াতে উদ্ভাবন, জ্ঞান ও দক্ষতার সমন্বয় ঘটাতে হবে বলে জানিয়েছেন শিল্প সচিব আব্দুন নাসের খান।

শুক্রবার (২ অক্টোবর) ঢাকার মিরপুরে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কলেজ ক্যাম্পাসে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিল্প সচিব বলেন, উৎপাদনশীলতা হলো বিদ্যমান সম্পদের সর্বোত্তম ব্যবহার করে কম খরচে ও কম সময়ে উৎপাদন বাড়ানো এবং কাঙ্ক্ষিত সুফল অর্জন করা। দেশের সম্পদ ও সক্ষমতাকে বিবেচনায় নিয়ে সেগুলোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই উৎপাদনশীলতা বৃদ্ধির মূল লক্ষ্য।

তিনি বলেন, জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আয়োজিত মেলায় শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ভবিষ্যৎ বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরছে। দেশের বিভিন্ন সমস্যা উদ্ভাবনী চিন্তার মাধ্যমে কীভাবে সমাধান করা যায়, শিক্ষার্থীদের উপস্থাপিত প্রকল্পগুলোতে তার প্রতিফলন রয়েছে।

শিল্প সচিব আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, বর্জ্য কমানো, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্যকে সার হিসেবে ব্যবহারের মতো উদ্যোগ উৎপাদনশীলতার সঙ্গে সরাসরি সম্পর্কিত। নতুন প্রজন্মের প্রতিটি উদ্ভাবনী চিন্তার মধ্যে দেশের সমস্যা সমাধানের যে প্রচেষ্টা রয়েছে, তা আশাব্যঞ্জক।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য বর্তমান প্রজন্মকে সুযোগ ও সহায়ক পরিবেশ তৈরির আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি প্রজন্মের দায়িত্ব হলো পরবর্তী প্রজন্মের জন্য এমন একটি সিঁড়ি তৈরি করে দেওয়া, যার মাধ্যমে তারা আরও উন্নত পর্যায়ে পৌঁছাতে পারে। তরুণদের মেধাকে সর্বোত্তমভাবে কাজে লাগাতে হবে।

তিনি আরও বলেন, উৎপাদনশীলতা বাড়াতে শুধু প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জন যথেষ্ট নয়, এর সঙ্গে ব্যবহারিক দক্ষতা অর্জনও জরুরি। শুধু জ্ঞান থাকলে হবে না। জ্ঞানের পাশাপাশি তরুণদের দক্ষ করে তুলতে হবে। জ্ঞান ও দক্ষতার সমন্বয়ে গড়ে ওঠা মানবসম্পদ দেশের সার্বিক উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নুরুজ্জামান, বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান, বিসিআইসি কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এর আগে শিল্প সচিব মেলার উদ্বোধন করেন। মেলায় ৫০টি স্টলে শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করা হয়। উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

এএইচ/এএস