Dhaka Mail Logo

জাতীয়

অনুমোদনের বাইরে ওয়্যারহাউসে শুল্কমুক্ত মদ, টস বন্ডের ৪ গুদাম সিলগালা

নিজস্ব প্রতিবেদক

০২ অক্টোবর ২০২৬, ১০:৩৮ এএম

দক্ষিণ গুলশানে অনুমোদিত ওয়্যারহাউসের বাইরে বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত পণ্য মজুতের সন্ধান পেয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এ ঘটনায় অধিকতর যাচাই ও তদন্তের স্বার্থে ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এর চারটি ওয়্যারহাউস সিলগালা করা হয়েছে।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ তথ্য জানিয়েছে।

এনবিআর জানায়, দক্ষিণ গুলশানে টস বন্ড প্রাইভেট লিমিটেডে সিআইআইডি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১)-এর যৌথ অভিযান পরিচালনা করা হয়। গতরাত সাড়ে ১০টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চলা অভিযানে প্রতিষ্ঠানটির কার্যক্রমে প্রাথমিকভাবে গুরুতর কিছু অসঙ্গতি পরিলক্ষিত হয়েছে।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটির অনুমোদিত বা ঘোষিত ওয়্যারহাউসের সংখ্যা দুটি। তবে সরেজমিনে পরিদর্শনে মোট চারটি ওয়্যারহাউসে পণ্য মজুতের তথ্য পাওয়া যায়। অর্থাৎ অনুমোদিত ওয়্যারহাউসের বাইরে আরও দুটি অননুমোদিত ওয়্যারহাউস ব্যবহার করে পণ্য সংরক্ষণ করা হচ্ছিল।

বিশেষ করে অননুমোদিত ওয়্যারহাউসে বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত পণ্য স্থানান্তর বা অপসারণ রোধে এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রতিষ্ঠানটির চারটি ওয়্যারহাউসই সিলগালা করা হয়েছে বলে জানিয়েছে এনবিআর।

এনবিআর আরও জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত ও বিস্তারিত যাচাই কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানানো হবে।

এমআর/এএস