নিজস্ব প্রতিবেদক
০১ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পিএম
বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত নিয়োগে রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো ধরনের বৈষম্য করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে মন্ত্রীর নিজ দপ্তরে জরুরি প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
বিশেষ বিসিএসের গেজেট প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সম্প্রতি সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে ৬৫৮ জনকে সুপারিশ করার খবর প্রকাশিত হলেও প্রকৃত তথ্য হলো, পিএসসি ৬৬৫ জনকে সুপারিশ করেছে। এর মধ্যে তিনজন নির্ধারিত প্রোভিশনাল বা এপিয়ার্ড সার্টিফিকেট জমা দিতে ব্যর্থ হয়েছেন এবং আটজন শারীরিক যোগ্যতা যাচাইয়ের মেডিকেল টেস্টে উপস্থিত হননি। ফলে চূড়ান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৭ জনে। এর মধ্যে ৬১১ জনের নামে ইতিমধ্যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন বিলম্বিত হওয়ার বিষয়ে তিনি জানান, তাঁদের ভেরিফিকেশন বা তথ্য যাচাইয়ের কাজ চলমান রয়েছে। প্রজ্ঞাপন জারির নির্ধারিত দিন অর্থাৎ আগামী সোমবারের মধ্যেই রাষ্ট্রপতির অনুমোদনসাপেক্ষে এই ৪৬ জনের প্রজ্ঞাপনও জারি করা হবে। এ জন্য ছুটির দিন শনিবারও কাজ চালু রাখা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় বা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়োগসংক্রান্ত উসকানিমূলক ও বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভেরিফিকেশন একটি সাধারণ ও নিয়মিত প্রক্রিয়া। কারও বিরুদ্ধে গুরুতর ফৌজদারি অপরাধে সাজা বা কনভিকশন থাকলে আইনি বাধ্যবাধকতার কারণে চূড়ান্ত নিয়োগে বাধা আসতে পারে। তবে রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো বৈষম্য করা হচ্ছে না এবং হবেও না।
সংবাদ সম্মেলনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি ও জনপ্রশাসন সচিব কামরুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন।
এসএইচ/এআর