Dhaka Mail Logo

জাতীয়

বিসিএসে প্রথম হয়েও চূড়ান্ত নিয়োগে বাদ, বিতর্ক চরমে

নিজস্ব প্রতিবেদক

০১ অক্টোবর ২০২৬, ০৬:৩০ এএম

৪৯তম বিসিএসে (বিশেষ) ৬১১ জনকে সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগ দিয়ে বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়েছেন খোদ প্রথম স্থান অধিকারীসহ ৫৭ জন। যার কোনো কারণ উল্লেখ করা হয়নি প্রজ্ঞাপনে।

এদিকে বিশেষ এই বিসিএসের চূড়ান্ত গেজেট থেকে প্রথম স্থান অধিকারী বাদ পড়ায় বড়োসড়ো বিতর্কের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বহু মানুষ এর সমালোচনা করেছেন। পুলিশ ভ্যারিফিকেশনে রাজনৈতিক পরিচয় বিবেচনায় আনা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ১১ দলীয় জোটের সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ এবং ডাকসু ভিপি সাদিক কায়েম। এছাড়া ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন ডাকসুর নেতারা। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে ৪৯তম (বিশেষ) বিসিএসে উত্তীর্ণ হয়েও চূড়ান্ত গেজেটে বাদ পড়াদের ভেরিফিকেশন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি লেখেন, ‘একজন নাগরিকের যোগ্যতা, পরীক্ষার ফলাফল ও প্রতিযোগিতামূলক সক্ষমতার বাইরে তার রাজনৈতিক পরিচয় যদি সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে জুলাইয়ের সেই সামাজিক ঐকমত্য নিয়ে প্রশ্ন উঠবে।’

হাসনাত আরও বলেন, ‘শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে, ফৌজদারি অপরাধের অভিযোগ না থাকা সত্ত্বেও চাকরি বাতিল করা হলে তা বৈষম্যমূলক আচরণ হিসেবে প্রশ্নের মুখে পড়বে।’  

একই দিন রাতে ডাকসু ভিপি সাদিক কায়েম ফেসবুকে দেওয়া এক পোস্টে বর্তমান সরকারকে সতর্ক করে লেখেন, ‘নির্লজ্জ দলীয়করণ করতে গিয়ে বিএনপি সরকার হাসিনার থেকেও বড় হাসিনা হতে চাচ্ছে। আপনারা হাসিনা হতে চাইলে হাসিনার মতোই পরিণতি ভোগ করতে হবে।’

৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশের প্রসঙ্গ তুলে তিনি লেখেন, বিভিন্ন বিষয়ে মেধাতালিকায় প্রথম স্থান অধিকারীসহ পরীক্ষায় উত্তীর্ণ অনেককে গেজেট থেকে বাদ দেওয়া হয়েছে। জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারীদের অনেকে সুপারিশবঞ্চিত হয়েছেন বলেও দাবি তার।

সাদিক কায়েম আরও লেখেন, এর আগে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও একইভাবে অনেককে বাদ দেওয়া হয়েছিল। পরে সমালোচনার মুখে তাদের অনেকে নিয়োগপত্র পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে ৪৯তম (বিশেষ) বিসিএসের গেজেটে প্রথম স্থান অধিকারীসহ ৫৭ জন চাকরিপ্রার্থীকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ কর্মসূচির ঘোষণা দেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ।

ডাকসুর পক্ষ থেকে জানানো হয়, কোনো ধরনের ফৌজদারি অপরাধের অভিযোগ না থাকা শিক্ষার্থীদেরও ৪৯তম বিসিএসের গেজেট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।

ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে এ কর্মসূচি শুরু হবে। বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে ডাকসু।

এর আগে গত বছরের ১১ নভেম্বর ৪৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে পিএসসি। শিক্ষা ক্যাডারের বিভিন্ন বিষয়ের ৬৮৩টি শূন্য পদের বিপরীতে সে সময় ৬৬৮ জন প্রার্থীকে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল। বাকি ১৫টি পদে যোগ্য প্রার্থী না পাওয়ায় কাউকে সুপারিশ করা সম্ভব হয়নি বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল। পরবর্তীতে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে ৫৭ জনকে বাদ দিয়ে অবশিষ্ট ৬১১ জনের নিয়োগ চূড়ান্ত করে গেজেট প্রকাশ করা হলো।

এএইচ