৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পিএম
রাজধানীর যাত্রাবাড়ীতে অজ্ঞাত দ্রুতগামী গাড়ির চাপায় এক নারী নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩৫ বছর। তবে এই প্রতিবেদন পর্যন্ত তার নাম পরিচয় জানা যায়নি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আউটগোয়িং সংলগ্ন কাঁচাবাজার এলাকা থেকে নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আওলাদ হোসেন জানান, ভোর আনুমানিক পাঁচটার দিকে খবর পেয়ে ঢাকা-চট্টগ্রাম আউটগোয়িং মহাসড়কের একটি তৈরি পোশাক কারখানার বিপরীত পাশের কাঁচাবাজার সংলগ্ন সড়ক থেকে ওই নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
তিনি স্থানীয়দের বরাতে জানান, রাতের কোনো এক সময় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী কোনো গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তার মাথা থ্যাঁতলে গিয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এসআই আরও জানান, নিহতের পরিচয় এখনো জানা যায়নি। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন টিমকে খবর দেওয়া হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনায় জড়িত গাড়িটি চিহ্নিত করতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএমআর/এএম