Dhaka Mail Logo

জাতীয়

আদাবরে বাড়ি দখলে ভাঙচুর ও পুলিশের ওপর হামলার চেষ্টা, গ্রেফতার ৪

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পিএম

রাজধানীর আদাবরে বাড়ি ভাঙচুর ও দখলের চেষ্টা এবং পুলিশের ওপর হামলার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

এ সময় পুলিশের গুলিতে মামলার দুই আসামি আহত হয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে আদাবরের নবোদয় হাউজিং কাঁচাবাজার সংলগ্ন মেলার মাঠের পেছনে খালপাড়ের ফাঁকা জায়গায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রাজিব হাওলাদার (৩০), সাগর ওরফে ছোট বিগার (২৪), শাকিব (২৩) ও রাশেদ (২৪)।

পুলিশ জানায়, আদাবর থানার একটি মামলার আসামিদের গ্রেফতারে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় আসামিদের অবস্থানের খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

এ সময় ৭-৮ জনকে দেখতে পেয়ে তাদের গ্রেফতারের চেষ্টা করা হলে তারা চাপাতি নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করে।

পুলিশের দাবি, আত্মরক্ষার্থে কনস্টেবল মোশরেকুল ইসলামের শটগান থেকে দুই রাউন্ড গুলি ছোড়া হয়। এতে রাজিব ও সাগরের পায়ে গুলি লাগে।

পরে ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করা হয়। অন্যরা পালিয়ে যায়। অভিযানস্থল থেকে স্টিলের ধারালো চাপাতি, সামুরাই ও কিরিস উদ্ধার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতার সাগরের বিরুদ্ধে আদাবর ও মোহাম্মদপুর থানায় আটটি মামলা রয়েছে। রাজিব মোহাম্মদপুরের আলোচিত বাবু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। 

গ্রেফতার অপর দুই আসামির বিরুদ্ধেও পাঁচটি করে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আহত দুইজনকে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, অভিযানের পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এমআইকে/এএম