Dhaka Mail Logo

জাতীয়

ডিআরইউর সম্পত্তি নিজের নামে নিতে যুবলীগ নেতা সন্ত্রাসী জাকিরের মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পিএম

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) দীর্ঘদিনের ভোগদখলে থাকা সম্পত্তি নিজের নামে নেওয়ার জন্য কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা জাকির হোসেন আদালতে মামলা করেছেন। ডিআরইউ কর্তৃপক্ষের অভিযোগ, ২০২২ সালে করা ওই মামলায় সংগঠনসহ সংশ্লিষ্ট স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষভুক্ত করা হয়নি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিআরইউর কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে মামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। সংগঠনের সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, দীর্ঘদিন ধরে ওই সম্পত্তি ডিআরইউর ভোগদখলে রয়েছে। সংগঠনের সম্পত্তি রক্ষায় আইনগত ও প্রশাসনিক সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে সম্পত্তি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছেন তারা।

ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, তারা জানতে পেরেছেন, দীর্ঘদিন ধরে ডিআরইউর ভোগদখলে থাকা সম্পত্তি নিজের নামে নেওয়ার জন্য জাকির হোসেন ২০২২ সালে মামলা করেছেন। তার ভাষ্য, আওয়ামী লীগ সরকারের সময় ক্ষমতার প্রভাব খাটিয়ে মামলাটি করা হয়েছে। তবে মামলায় ডিআরইউ কর্তৃপক্ষসহ স্বার্থসংশ্লিষ্টদের পক্ষভুক্ত করা হয়নি।

মাইনুল হাসান সোহেল বলেন, বিষয়টি গোপন রেখে নিজের পক্ষে একতরফা রায় পাওয়ার সুযোগ তৈরির চেষ্টা করা হয়েছে। ডিআরইউর পক্ষ থেকে মামলার বিষয়টি জানার পর আইনগতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।

তিনি বলেন, ডিআরইউ দীর্ঘদিন ধরে সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে সংশ্লিষ্ট সম্পত্তি ভোগদখল করে আসছে। সংগঠনের সম্পত্তি নিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিস্বার্থ চরিতার্থের চেষ্টা মেনে নেওয়া হবে না।

মাইনুল হাসান সোহেল আরও বলেন, ডিআরইউর সম্পত্তি নিয়ে একতরফা রায় নেওয়ার চেষ্টা চলছে বলে তারা জানতে পেরেছেন। এ বিষয়ে মামলার প্রকৃত বিষয়বস্তু ও সংশ্লিষ্ট সব তথ্য আইনগতভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যুবলীগ নেতা জাকির হোসেন ও তার অনুসারীদের বিরুদ্ধে বিভিন্ন সময় মারধর, পিস্তল প্রদর্শন করে ভয়ভীতি দেখানো, জায়গা-জমি দখল, চলাচলের রাস্তা দখল, সরকারি খাসজমি দখল এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর ভাষ্য, জাকির হোসেন ও তার অনুসারীরা এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের দাবি জানিয়েছেন তারা।

এমআইকে/এআর