নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পিএম
প্রযুক্তি খাতে বিনিয়োগ আকর্ষণ এবং কৌশলগত অংশীদারিত্ব জোরদারের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির শীর্ষস্থানীয় প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), জ্যেষ্ঠ কর্মকর্তা, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সঙ্গে উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠক করেছে বাংলাদেশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার 'ফোর সিজনস হোটেল সিলিকন ভ্যালি'-তে গত ২৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, লস অ্যাঞ্জেলেস “বাংলাদেশের প্রবৃদ্ধির জন্য প্রযুক্তি বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব” শীর্ষক এ বৈঠকের আয়োজন করা হয়। এতে বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধিদল অংশ নেয়।
বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
এছাড়া লস অ্যাঞ্জেলেসে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল কাজী মুহাম্মদ জাবেদ ইকবাল এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
কারম্যাক্স (CarMax)-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি অফিসার শামীম মোহাম্মদের সঞ্চালনায় এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় রেপলিট (Replit)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আমজাদ মাসুদ, জিস্কেলার (Zscaler)-এর প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও প্রধান নির্বাহী জয় চৌধুরী এবং ইন্টেলের সাবেক চেয়ারম্যান ও মেডট্রনিকের সাবেক চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ড. ওমর ইশরাক অংশ নেন।
এছাড়া সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, মহাকাশ প্রযুক্তি, ভেঞ্চার ক্যাপিটাল, ডিজিটাল অবকাঠামো ও উন্নত প্রযুক্তি খাতের শীর্ষ নির্বাহী, উদ্যোক্তা এবং বিনিয়োগকারীরা বৈঠকে যোগ দেন।
ফলপ্রসূ ও ভাববিনিময়মূলক এই আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, সেমিকন্ডাক্টর ডিজাইন ও তৈরি, ডিজিটাল অবকাঠামো, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, ভেঞ্চার ক্যাপিটাল, স্বাস্থ্যপ্রযুক্তি, ভূ-উপগ্রহের মাধ্যমে পর্যবেক্ষণ এবং উন্নত উৎপাদন শিল্পে বাংলাদেশের জন্য বিদ্যমান বাস্তবসম্মত সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করা হয়।
এসএইচ/এমআই