Dhaka Mail Logo

জাতীয়

অনিয়ম ধরতে বোরকা পরে ভূমি অফিসে ঢাকার ডিসি

নিজস্ব প্রতিবেদক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম

সাধারণ মানুষ ঠিকমতো সেবা পাচ্ছে কি না, কোনো হয়রানি বা অনিয়ম হচ্ছে কি না- এসব সরেজমিনে জানতে বোরকা পরে পরিচয় গোপন করে রাজধানীর উত্তরখান ইউনিয়ন ভূমি অফিসে হাজির হলেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) সাধারণ সেবাগ্রহীতার মতো ভূমি অফিসে যান তিনি। 

এ সময় নিজেও সেবা নেওয়ার পাশাপাশি সেখানে আসা মানুষের সঙ্গে কথা বলেন ডিসি ফরিদা। ভূমিসেবা নিতে গিয়ে তারা কোনো সমস্যায় পড়ছেন কি না, তা জানতে চান।

পরে ভূমি অফিসের সার্বিক কার্যক্রমও পর্যবেক্ষণ করেন ডিসি ফরিদা। সাধারণ মানুষ যাতে দ্রুত ও হয়রানিমুক্তভাবে ভূমিসেবা পান, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

জেলা প্রশাসক বলেন, ‘আমি নিয়মিত আনুষ্ঠানিকভাবে ভূমি অফিসগুলো পরিদর্শন করি। তবে আনুষ্ঠানিক পরিদর্শনের সময় অনেক ক্ষেত্রে সেবার প্রকৃত চিত্র পুরোপুরি জানা সম্ভব হয় না। সাধারণ মানুষ ভূমিসেবা নিতে গিয়ে বাস্তবে কী ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন, সেটি সরেজমিনে জানতেই আমি সাধারণ সেবাগ্রহীতার পরিচয়ে এখানে এসেছি।’ 

এ ধরনের সরেজমিন পর্যবেক্ষণের মাধ্যমে সেবার বাস্তব চিত্র জানা যায় এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয় বলে মনে করেন ঢাকার এই জেলা প্রশাসক।

এএইচ