Dhaka Mail Logo

জাতীয়

জাপানে ৭ দিনের সফরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পিএম

দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে সাত দিনের সরকারি সফরে জাপানে গেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। জাপানের আধুনিক স্বাস্থ্যসেবা ও অবকাঠামো বিষয়ে অভিজ্ঞতা বিনিময় কার্যক্রমে অংশ নেবেন তার নেতৃত্বাধীন ছয় সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

সফরকালে ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত প্রতিমন্ত্রী ও তার প্রতিনিধিদল জাপানের স্বাস্থ্য অবকাঠামো, উন্নত চিকিৎসাব্যবস্থাপনা এবং আধুনিক স্বাস্থ্যসেবা প্রকল্প বিষয়ে অভিজ্ঞতা বিনিময় কার্যক্রমে অংশ নেবেন। জাপানের স্বাস্থ্য খাতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও শক্তিশালী করা এই সফরের অন্যতম লক্ষ্য।

স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দলে রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব শাহ ইমাম আলী রেজা, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আবদুল ওয়াদুদ চৌধুরী, নরসিংদী সদর হাসপাতালের সিভিল সার্জন মো. বুলবুল কবির এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রীর একান্ত সচিব সারওয়ার সালাম।

গত ২৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিমন্ত্রী ও তার প্রতিনিধিদল জাপানের উদ্দেশে রওনা হন। ব্যাংকক হয়ে ২৭ সেপ্টেম্বর রোববার সকালে প্রতিনিধিদলটি টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সফর শেষে ২ অক্টোবর তাদের দেশে ফেরার কথা রয়েছে।

এসএইচ/এআর