নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পিএম
রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় দলবল নিয়ে জমি দখলের ঘটনায় আটজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। হামলা, ভাঙচুর ও জমি দখলের চেষ্টার ঘটনায় করা মামলার পর তাদের গ্রেফতার করা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।
পুলিশ জানিয়েছে, চাঁদ উদ্যান এলাকায় জমি দখলের চেষ্টার ঘটনায় অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম পরিচয় জানা যায়নি।
ঘটনার পর কার্যালয়ের কর্মী আনোয়ার হোসেন রিপন রোববার (২৭ সেপ্টেম্বর) মোহাম্মদপুর থানায় মামলা করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
এর আগে ওই মামলায় মোহাম্মদপুরের বাসা থেকে লিমন এবং বাঁশবাড়ি এলাকা থেকে মনোয়ার হোসেন সাদ্দামকে গ্রেফতার করা হয়েছিল।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তারা চুক্তির ভিত্তিতে ছিনতাই ও জমি দখলের কাজে অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আগেও ছিনতাই ও মারামারির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ
এদিকে, শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধের পশ্চিম পাশে চাঁদ উদ্যানের ‘রোজ ভিলা’ সংলগ্ন একটি জমিতে থাকা কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে একদল লোককে কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকতে এবং পরে বিভিন্ন মালামাল সরিয়ে নিতে দেখা যায়।
স্থানীয় আলমের দখলে থাকা ওই জমিতে শনিবার সকালে জনি ও রেজাউলের নেতৃত্বে প্রায় ১৫০ থেকে ২০০ জন যায়। তারা জমির টিনের বেড়া ভেঙে কার্যালয়ে ঢুকে ভাঙচুর করে। পরে নতুন করে টিনের বেড়া দিয়ে জমিটি দখলের চেষ্টা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
একেএস/এআরএম