Dhaka Mail Logo

জাতীয়

সেনাবাহিনী-র‍্যাব পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, যুবদল নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পিএম

রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনী ও র‍্যাব (এসআরবি) পরিচয়ে নবীনগর হাউজিং এলাকার একটি বাসায় কিশোর গ্যাং বাহিনী নিয়ে প্রবেশ করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঢাকা মহানগর উত্তর ৩৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম হোসেন ওরফে তালা ইব্রাহিমকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী মো. রাতুল মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহিম ওরফে তালা ইব্রাহিম ৫ আগস্টের পর বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদা না দেওয়ায় তালা লাগিয়ে দেন। এরপর অনেকে বাধ্য হয়ে প্রতিষ্ঠানের তালা খুলতে চাঁদা দিয়েছেন। তিনি মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় আলোচিত গণধর্ষণ মামলায় চার্জশিটভুক্ত আসামি। এ ছাড়া স্থানীয় সূত্রে আরও জানা যায়, ঢাকা মহানগর উত্তরের ৩৩ নম্বর ওয়ার্ড যুবদল কমিটি নানা অনিয়ম ও অভিযোগের কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিলুপ্ত ঘোষণা করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মোহাম্মদপুর নবীনগর হাউজিংয়ের ৭ নম্বর রোডের একটি বাসায় সেনাবাহিনী ও র‍্যাব (এসআরবি) পরিচয় দিয়ে ১৫-২০ জনের একটি দল প্রবেশ করে। এরপর বাসায় থাকা লোকজনকে জিম্মি করে মারধর করে নগদ ১২ হাজার টাকা এবং ৪৫ হাজার টাকা মূল্যের হাতঘড়ি ছিনিয়ে নিয়ে যায়। এ সময় ঘরে থাকা ব্যক্তিদের মারধর করে আহত করে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, চাঁদা নিতে আসা ব্যক্তিদের পরিচয় সন্দেহ হলে আমি মোহাম্মদপুর থানায় পুলিশকে কল করলে তারা আমাকে হুমকি দিয়ে বাসা থেকে দ্রুত বের হয়ে যায়। বের হওয়ার সময় তারা বলে যায় যে, নিচে সেনাবাহিনী ও র‍্যাবের গাড়ি দাঁড়িয়ে আছে। আমাকে গ্রেফতার করার জন্য বাসায় আসছে। এরপর তারা দ্রুত পালিয়ে গেলে আমি মোহাম্মদপুর থানায় গিয়ে মামলা দায়ের করি।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, আমরা চাঁদাবাজি মামলায় যুবদলের এক বহিষ্কৃত নেতাকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করব।

একেএস/এআর