নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পিএম
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এবার জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এতদিন ১২ জন শিক্ষককে এ সম্মাননা দেওয়া হলেও এবার প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন স্তরের ১০০ শিক্ষককে সম্মানিত করা হবে।
আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ তথ্য জানান প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে জাতীয় পর্যায়ে ১২ জন শিক্ষককে গুণী শিক্ষক হিসেবে সম্মাননা দেওয়া হতো। এবার প্রথমবারের মতো এ সংখ্যা বাড়িয়ে ১০০ জন করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। শিক্ষার বিভিন্ন স্তর ও ধারার শিক্ষকদের এর আওতায় আনা হবে।
ড. মাহদী আমিন জানান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি মাধ্যমিক পর্যায়ের সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষার শিক্ষকরাও সম্মাননার জন্য বিবেচিত হবেন। কলেজ পর্যায়ের শিক্ষকদেরও নির্বাচন করা হবে।
বিশ্ববিদ্যালয় পর্যায়েও বিভিন্ন ধরনের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও বিশেষায়িত শাখা থেকে শিক্ষক নির্বাচন করা হবে। এর মধ্যে চিকিৎসা, কৃষি, প্রকৌশল ও বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রের শিক্ষকরা থাকবেন।
আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে নির্বাচিত ১০০ গুণী শিক্ষককে এ সম্মাননা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এমএইচ/এআরএম