Dhaka Mail Logo

জাতীয়

লিভার প্রতিস্থাপনে বাংলাদেশি চিকিৎসকদের প্রশিক্ষণ দিতে চায় পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পিএম

বাংলাদেশি চিকিৎসকদের লিভার প্রতিস্থাপনে পাকিস্তান প্রশিক্ষণ দিতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে এমন আগ্রহ প্রকাশ করেন তিনি।

সাক্ষাৎকালে হাইকমিশনার বাংলাদেশ ও পাকিস্তানের স্বাস্থ্যখাতের মধ্যে অঙ্গ প্রতিস্থাপনের বিষয়ে সহযোগিতার বিভিন্ন প্রস্তাব সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

ইমরান হায়দার জানান, বাংলাদেশি চিকিৎসকদের লিভার প্রতিস্থাপন বিষয়ে প্রশিক্ষণ দিতে পাকিস্তানের বিখ্যাত চিকিৎসা প্রতিষ্ঠান গাম্বাট ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (জিআইএমএস) আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি বাংলাদেশে পরবর্তী সময়ে লিভার প্রতিস্থাপনের অস্ত্রোপচারে সহায়তা এবং টেলিমেডিসিনের মাধ্যমে অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসাসেবা প্রদানের প্রস্তাবও দিয়েছে প্রতিষ্ঠানটি।

এ সময় দুই দেশের স্বাস্থ্যখাতে সহযোগিতা, প্রস্তাবিত সমঝোতা স্মারক চূড়ান্তকরণ, ওষুধ এবং স্বাস্থ্য পেশাজীবীদের দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। 

সাক্ষাতে সার্জিক্যাল সরঞ্জাম ও ওষুধ পণ্যের বাণিজ্য সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত বলেন, বাংলাদেশ পাকিস্তানে ভ্যাকসিন ও ক্যানসারের ওষুধ রফতানি আরো বাড়াতে পারে।

তিনি পাকিস্তানি উদ্যোক্তাদের বাংলাদেশে স্বাস্থ্যখাতে বিনিয়োগের সুযোগ অন্বেষণের আহ্বান জানান।

এসএইচ/এমআর