নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পিএম
বিশ্বে তেলের জন্য যুদ্ধ চললেও ভবিষ্যতে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে বলে সতর্ক করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বিশ্ব নদী দিবস উপলক্ষে রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর পানি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ সতর্কবার্তা দেন।
পানিসম্পদের সংকট তুলে ধরে পানিসম্পদ মন্ত্রী বলেন, বিশ্বে এখন তেলের জন্য যুদ্ধ চলছে। এমন সময় আসতে পারে, যখন পানির জন্যও যুদ্ধ করতে হবে।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিরা বিভিন্ন এলাকায় গেলে মানুষ প্রায়ই গভীর নলকূপের জন্য আবেদন করেন। একটি পরিবার গভীর নলকূপের আবেদন করার সময় মূলত নিজেদের পরিবারের পানির প্রয়োজনের বিষয়টি বিবেচনা করে। আশপাশে পর্যাপ্ত সুপেয় পানির ব্যবস্থা থাকলে তাদের এভাবে গভীর নলকূপের জন্য আবেদন করতে হতো না।
মন্ত্রী বলেন, একটি নির্বাচনী এলাকায় বছরে সর্বোচ্চ ৩০০ থেকে ৪০০টি গভীর নলকূপ দেওয়ার ব্যবস্থা করা সম্ভব। অনেক চেষ্টা করেও সংখ্যাটি ৫০০ পর্যন্ত নেওয়া যায়। অথচ একটি নির্বাচনী এলাকায় প্রায় চার লাখ মানুষের বসবাস। সেখানে ৪০০টি গভীর নলকূপ স্থাপন করে কতসংখ্যক পরিবারকে পর্যাপ্ত সুপেয় পানি দেওয়া সম্ভব, সেই প্রশ্নও রয়েছে।
ভূগর্ভস্থ পানির স্তর ক্রমেই নিচে নেমে যাওয়াকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন এলাকায় পানির সংকট দিন দিন তীব্র হচ্ছে।
তিনি বলেন, কিছু এলাকায় এমন পানিও রয়েছে, যাতে হাত ধোয়ার সুযোগ নেই, খাওয়ার কথা তো দূরের বিষয়। কিছু এলাকায় মাছের চাষও হচ্ছে।
একটি গণমাধ্যমে প্রকাশিত দুটি প্রতিবেদনের প্রসঙ্গ তুলে পানিসম্পদ মন্ত্রী বলেন, সেখানে কিছু মাছকে মানুষের খাওয়ার অনুপযোগী হিসেবে তুলে ধরা হয়েছে। দেশ-বিদেশের ছয়টি বিশেষজ্ঞ দল এসব মাছ পরীক্ষা-নিরীক্ষা করেছে। পরীক্ষায় মাছের শরীরে বিষাক্ত ধাতুর উপস্থিতির কথা বলা হয়েছে। এসব মাছ খেলে সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়তে পারেন বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশের বিভিন্ন স্থানে খাল খননের ওপর গুরুত্বারোপ করেন পানিসম্পদ মন্ত্রী। পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখা ও জলাধার সংরক্ষণে কার্যকর উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
সারা দেশে আগামী সাড়ে চার বছরের মধ্যে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি সফল করতে স্কুল-কলেজের শিক্ষার্থী, অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।
এম/এআর