নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে সংবিধান সংশোধন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে প্রস্তাব উত্থাপন করেছেন দেশের বিভিন্ন দৈনিক সংবাদপত্রের সম্পাদকমণ্ডলীরা।
রোববার (২৯ সেপ্টেম্বর) কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ ভবনের কেবিনেট কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য ও জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি, কমিটির সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীন, কমিটির সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, কমিটির সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, কমিটির সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, কমিটির সদস্য সাকিলা ফারজানা এবং মো. মাহমুদুল হক রুবেল উপস্থিত ছিলেন।
বিভিন্ন দৈনিক সংবাদপত্রের সম্পাদকমণ্ডলীরা ছাড়াও বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব/সংবাদ সংস্থার প্রতিনিধিরা। তারা সংবিধান সংশোধন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে প্রস্তাব কমিটিতে উত্থাপন করেন।
কমিটি বৈঠকে আলোচনার বাইরে কারও লিখিত প্রস্তাব থাকলে সেটি কমিটিতে পাঠানোর জন্য অনুরোধ করে।
কমিটি সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য সমাজ ও রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী বিভিন্ন ব্যক্তিদের পরবর্তী বৈঠকে আমন্ত্রণ জানাবে।
কমিটি আগামী ডিসেম্বরের মধ্যে সংবিধান সংশোধন সম্পর্কিত রিপোর্ট প্রস্তুত করবে বলেও বৈঠকে উল্লেখ করে।
বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।
এএইচ