জ্যেষ্ঠ প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পিএম
কানাডার একটি কোম্পানিতে চাকরি দেওয়ার কথা বলে ভুয়া ও জাল কাগজপত্র তৈরি করে এক ব্যক্তির কাছ থেকে ২০ লাখ ১০ হাজার ৭০০ টাকা আত্মসাতের অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্রেফতারকৃত নারীর নাম নার্গিস বেওয়া ওরফে সালমা আক্তার (২৬)। তিনি নীলফামারীর কিশোরগঞ্জ থানার নয়ানখাল উত্তরপাড়া এলাকার মৃত ছকমল হোসেনের মেয়ে।
সিআইডি জানিয়েছে, শনিবার দিবাগত রাতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নয়ানখাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতা করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, কানাডার একটি কোম্পানিতে চাকরি দেওয়ার কথা বলে ভুক্তভোগীকে বিদেশে পাঠানোর জন্য ৩০ লাখ টাকার মৌখিক চুক্তি করেন অভিযুক্ত নারী। এরপর ২০২৫ সালের ২৮ মে থেকে ২৪ জুলাই পর্যন্ত বিভিন্ন সময়ে বিকাশের মাধ্যমে ১৭ লাখ ৮১ হাজার ৮৯০ টাকা এবং নগদ ও রকেটের মাধ্যমে আরও ২ লাখ ২৮ হাজার ৮১০ টাকা নেন তিনি। সব মিলিয়ে ভুক্তভোগীর কাছ থেকে ২০ লাখ ১০ হাজার ৭০০ টাকা নেওয়া হয়।
টাকা নেওয়ার পর কানাডায় যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে ভুক্তভোগীর কাছে হস্তান্তর করা হয়। পরে ওই কাগজপত্র নিয়ে কানাডা অ্যাম্বাসিতে যোগাযোগ করলে যাচাই-বাছাইয়ের পর সেগুলো ভুয়া বলে জানানো হয়। বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী ২০২৫ সালের ৭ নভেম্বর রাজধানীর কাফরুল থানায় মামলা করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার নারী তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সিআইডি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।
সিআইডি জানিয়েছে, মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারের পাশাপাশি আত্মসাৎ করা অর্থের সম্পূর্ণ পরিমাণ, অর্থের গতিপথ এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।
এমআইকে/এএইচ