Dhaka Mail Logo

জাতীয়

কৃষিজমি রক্ষা ও ন্যায্য দামের দাবি কৃষক-ক্ষেতমজুরদের

নিজস্ব প্রতিবেদক

২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পিএম

কৃষিজমি রক্ষা, কৃষিপণ্যের ন্যায্য দাম ও কৃষকদের পর্যাপ্ত সার সরবরাহের দাবিতে সমাবেশ করেছে কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, কৃষিজমি ধ্বংস করে এবং বসতবাড়ি থেকে মানুষকে উচ্ছেদ করে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন করা যাবে না। কৃষিজমি কৃষি উৎপাদনের জন্য সংরক্ষণ করতে হবে।

তারা কৃষকদের জন্য সরকারি নির্ধারিত দামে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে কৃষিপণ্যের ন্যায্য দাম নির্ধারণ এবং কৃষকদের উৎপাদন খরচ বিবেচনায় নিয়ে সহায়তা দেওয়ার আহ্বান জানান তারা।

সমাবেশ থেকে ক্ষেতমজুরসহ দরিদ্র মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবিও জানানো হয়। বক্তারা বলেন, কৃষক ও ক্ষেতমজুর দেশের খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তারা নানাভাবে বঞ্চিত হচ্ছেন। তাদের জীবন-জীবিকা সুরক্ষায় কার্যকর সরকারি উদ্যোগ প্রয়োজন।

কর্মসূচিতে কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা বিভিন্ন দাবি সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

এম/এআরএম