Dhaka Mail Logo

জাতীয়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, পুলিশের মতে চাঁদাবাজির ঘটনা নয়

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পিএম

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউন ফিস স্টুডিওতে হামলার ঘটনায় কোনো ধরনের চাঁদাবাজির ঘটনা ঘটেনি বলে দাবি করেছে পুলিশ। তবে জমির মালিকের সঙ্গে বিরোধের ঘটনার জেরে এমন হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট অঞ্চলের সহকারী কমিশনার (এসি) নাজমুল আলম বলেন, নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এখানে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। হামলাকারীদের টার্গেট সালমান মুক্তাদিরের স্টুডিও ছিল না।

এর আগে শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউ গিনি প্রপার্টিজ এলাকায় শতাধিক লোকজন ঢুকে পড়ে এবং তারা সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর এবং লুটপাট চালায়। এ সময় মুক্তাদিরের স্টুডিওর দায়িত্বে থাকা দুই কর্মী প্রাণ রক্ষায় টয়লেটে আত্মগোপন করেন। খবর পেয়ে ছুটে যান সালমান মুক্তাদির। ততক্ষণে পুরো স্টুডিও ভেঙে এবং লুটপাট করে তছনছ করা হয়েছে। পরে বিষয়টি তিনি তার ফেসবুক পেজ থেকে লাইভ করে জানান।

এর আগে হামলাকারীরা স্টুডিওর বিভিন্ন সরঞ্জাম ও কক্ষের আসবাবসহ নানা জিনিসপত্র ভাঙচুর ও লুট করে নিয়ে যায়।  স্টুডিওতে থাকা সিসি ক্যামেরাসহ অন্যান্য যন্ত্রপাতিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছেন সালমান মুক্তাদির।

এই ঘটনায় রাতেই দুই হামলাকারীকে আটক করেছে পুলিশ। তবে এখনো কোনো মামলা দায়ের করা হয়নি বলে জানা গেছে। 

এমআইকে/এফএ