Dhaka Mail Logo

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিআই প্রেসিডেন্টের বৈঠক

ঢাকা মেইল ডেস্ক

২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ এএম

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের (আইপিআই) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জায়েদ রা’য়াদ আল হুসেইনের সঙ্গে বৈঠক করেছেন। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক জানান, নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশগ্রহণের কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ বৈঠকে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, বহুপাক্ষিক সহযোগিতা এবং সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে শান্তি, সংলাপ ও সহযোগিতা জোরদারের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি জাতিসংঘকেন্দ্রিক বহুপাক্ষিক ব্যবস্থাকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করার বিষয়েও মতবিনিময় হয়।

এরআগে কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সবাহের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী।

নিউইয়র্কে কুয়েতের স্থায়ী মিশনে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন দুই নেতা।

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও কুয়েতের সুদীর্ঘ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক অবদানের মাধ্যমে দুই দেশের পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার যে মজবুত ভিত্তি তৈরি হয়েছিল, তা সময়ের সঙ্গে আরও সুদৃঢ় হয়েছে।

বর্তমান প্রেক্ষাপটে দুই দেশের জনগণের কল্যাণে এই সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার আহ্বান জানান তিনি।

এমএইচআর