নিজস্ব প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পিএম
স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কস্থ জাতিসংঘ সদর দফতরে আয়োজিত ‘গ্লোবাল অ্যালায়েন্স ফর দ্য ইমপ্লিমেন্টেশন অব দ্য টু-স্টেট সলিউশন’-এর উচ্চপর্যায়ের মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সেখানে এই মতামত ব্যক্ত করেন তিনি।
এসময় পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের পূর্বের সীমানার ভিত্তিতে একটি স্বাধীন, সার্বভৌম ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণাঙ্গ সদস্যপদ পাওয়ার বিষয়ে বাংলাদেশের সুদৃঢ় অবস্থান ও দাবি জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৈঠকে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম স্বচ্ছ জবাবদিহিতা ও ফিলিস্তিনিদের মালিকানা নিশ্চিত করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন ২৮০৩ (UNSCR 2803) এর ব্যবস্থাগুলোর দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
পাশাপাশি তিনি জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক ত্রাণ সংস্থা 'আনরোয়া'র (UNRWA) ম্যান্ডেট রক্ষা ও ধারাবাহিক অর্থায়ন নিশ্চিতকরণ, গাজায় জোরপূর্বক বাস্তুচ্যুতি ও জনসংখ্যার গঠনগত পরিবর্তন রোধ এবং ইসরায়েলি বসতি সম্প্রসারণ বন্ধের জোর দাবি জানান।
বৈঠকে বিভিন্ন সদস্য রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার মন্ত্রী এবং ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, যারা দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।
এসএইচ/এএম