Dhaka Mail Logo

জাতীয়

ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার ‘ক্লিনিং ডে’ পালন করবে ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক

২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পিএম

ডেঙ্গু রোগের বিস্তার রোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডে আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান। ‘সাপ্তাহিক ক্লিনিং ডে’ নামে এ কর্মসূচি আগামী তিন মাস প্রতি শনিবার পালন করা হবে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ডিএসসিসির মুখপাত্র রাসেল রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে ডিএসসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে প্রতি শনিবার এ অভিযান পরিচালনা করা হবে।

ডিএসসিসির ‘বর্ষা পূর্ব জরিপ ২০২৬’-এর তথ্য অনুযায়ী, এডিস মশার লার্ভার ৩৫ দশমিক ২৩ শতাংশ পাওয়া গেছে বহুতল ভবনে। এ ছাড়া স্বতন্ত্র বাড়িতে ২৭ দশমিক ৭৬ শতাংশ, নির্মাণাধীন ভবনে ১৭ দশমিক ৪৪ শতাংশ এবং সেমিপাকা বাড়িতে ১৪ দশমিক ৫৯ শতাংশ লার্ভা পাওয়া গেছে।

প্রজননক্ষেত্রের ধরন বিশ্লেষণে দেখা গেছে, প্লাস্টিকের ড্রামে ৮ দশমিক ৮৯ শতাংশ, মেঝেতে জমে থাকা পানিতে ১২ দশমিক ২৬ শতাংশ এবং বালতির পানিতে ১০ দশমিক ৩৪ শতাংশ লার্ভা শনাক্ত হয়েছে।

ডিএসসিসি জানিয়েছে, আগামীকাল সকাল থেকে ৭৫টি ওয়ার্ডের আবাসিক এলাকা, সড়ক, ড্রেন, ছাদ ও নির্মাণাধীন ভবনে লার্ভিসাইডিং ও অ্যাডাল্টিসাইডিং করা হবে। একই সঙ্গে জমে থাকা পানি, পরিত্যক্ত ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র, টায়ারসহ অন্যান্য বর্জ্য অপসারণ করা হবে।

এ ছাড়া ৭৫টি ওয়ার্ডে সচেতনতামূলক র‌্যালি এবং ঘরে ঘরে লিফলেট বিতরণ করা হবে। ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম ওয়ার্ড পর্যায়ের ‘ক্লিনিং ডে’ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন।

ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ডিএসসিসি। একই সঙ্গে কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সচেতনতা তৈরিতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছে সংস্থাটি।

এএইচ/এফএ