Dhaka Mail Logo

জাতীয়

ডিজিটাল সহিংসতা রোধে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পিএম

সারাবিশ্বে প্রযুক্তিনির্ভর সহিংসতা প্রতিরোধে সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বুধবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত ‘জি-৭৭ অ্যান্ড ইমার্জিং পার্টনার্স মিনিস্টেরিয়াল রাউন্ডটেবিল অন টেকনোলজি-ফ্যাসিলিটেটেড ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন অ্যান্ড গার্লস’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৈঠকটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত হয়।

এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম নারী ও শিশুদের ওপর সহিংসতা প্রতিরোধে বাংলাদেশের নেওয়া আইনগত ও প্রাতিষ্ঠানিক বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে দ্রুত বিচার ও তদন্ত কার্যক্রম, আইনি সহায়তা, সামাজিক সুরক্ষা, পুনর্বাসন, নিরাপদ আবাসন এবং মানসিক সহায়তা সেবা প্রদান। গণপরিবহনে নারীদের নিরাপদে যাতায়াতের সুবিধার্থে সম্প্রতি চালু হওয়া কেবল নারীদের জন্য ‘পিংক বাস সার্ভিস’-এর বিষয়টিও তিনি সেখানে উল্লেখ করেন।

সংঘাতপূর্ণ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত নারী ও শিশুদের সুরক্ষায় বাংলাদেশের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং বাংলাদেশে অস্থায়ীভাবে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নারী ও শিশুদের সহায়তায় দেশ কার্যকর পদক্ষেপ নিচ্ছে।

এ সময় ডিজিটাল হয়রানি প্রতিরোধ, তদন্ত ও সমাধানের লক্ষ্যে বাংলাদেশের নেতৃত্বাধীন নতুন উদ্যোগ ‘ঢাকা ডায়ালগ’-এর ঐচ্ছিক নির্দেশিকা নীতিমালার কথা তুলে ধরে জাতিসংঘভুক্ত সদস্য রাষ্ট্রগুলোকে এর ‘গ্রুপ অব ফ্রেন্ডস’-এ যোগ দেওয়ার আহ্বান জানান শামা ওবায়েদ ইসলাম।
ক্রোয়েশিয়া এবং ইউএন উইমেন যৌথভাবে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। বৈঠকে নারীদের অনলাইনে হয়রানি, মানহানি, ছদ্মবেশ ধারণ

এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে সৃষ্ট ডিজিটাল হুমকির বিষয়টি তুলে ধরা হয়।

এসএইচ/এমআই