নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পিএম
বাস্তবতার নিরিখেই স্থানীয় সরকার নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, ‘আশা করছি আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে।’
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আনোয়ারুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের পরীক্ষা থাকায় নভেম্বর-ডিসেম্বর বাদ দিয়ে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার চিন্তা করছে নির্বাচন কমিশন। বার্ষিক পরীক্ষা থাকায় নভেম্বর-ডিসেম্বরে ভোট হবে না। পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে আশা করি।’
এক প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে চিঠি চালাচালি করতে হয় এমন কোনো নজির নেই। সরকারের সঙ্গে নির্বাচন উপযোগীর তালিকা চাওয়া হয়েছে।
আনোয়ারুল ইসলাম আরো বলেন, পাবলিক পরীক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যুক্ত থাকেন, তাই এই সময়টাতে নির্বাচন করা কঠিন। বাস্তবতার নিরিখে নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে।
এমএইচএইচ/এমআর