নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পিএম
রাজধানীর পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এসব সড়কে হকার বসতে দেওয়া হবে না এবং নিষেধাজ্ঞা অমান্য করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে হকারমুক্ত ঘোষিত এলাকা সরেজমিনে পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট পর্যন্ত মূল সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রমও তদারকি করেন তিনি।
ডিএসসিসি প্রশাসক বলেন, পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়কে কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ বসলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।
হকার সংগঠনগুলোর সঙ্গে এ বিষয়ে একাধিকবার আলোচনা হয়েছে জানিয়ে আবদুস সালাম বলেন, সংগঠনগুলোর প্রতিনিধিরাও স্বেচ্ছায় এসব মূল সড়ক ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেছেন। সবার সহযোগিতায় নগরবাসীর জন্য ফুটপাত ও সড়কে স্বাভাবিক চলাচলের পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।
তবে রমনা ভবনসংলগ্ন পূর্ব পাশের ফুটপাতে সাধারণ মানুষের চলাচলের জায়গা রেখে নির্ধারিত স্থানে নিবন্ধিত নির্দিষ্টসংখ্যক হকার বসতে পারবেন বলে জানান ডিএসসিসি প্রশাসক। নির্ধারিত স্থান, সময়, সংখ্যা ও নিবন্ধনের বাইরে যত্রতত্র হকার বসার সুযোগ থাকবে না।
তিনি বলেন, নিয়মের ব্যত্যয় ঘটিয়ে জনভোগান্তি সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

হকারদের নিবন্ধন ফি কমানোর দাবির বিষয়ে আবদুস সালাম বলেন, বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
পরিদর্শনকালে ডিএসসিসি প্রশাসক এক ঘণ্টার বেশি সময় পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট পর্যন্ত সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম তদারকি করেন।
এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও হকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এমএইচ/এএস