Dhaka Mail Logo

জাতীয়

স্বাস্থ্যসেবার আধুনিকায়ন নিয়ে গেটস সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান। নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আবাসস্থল হোটেলে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জনস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, টিকাদান, সাশ্রয়ী ভ্যাকসিন, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা হয়। এ সময় থানা ও জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ও প্রশিক্ষণ, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থান এবং এআই-সমন্বিত ডিজিটাল পাবলিক হেলথ কেয়ার সিস্টেম গড়ে তোলার পরিকল্পনা নিয়ে মতবিনিময় হয়।

বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফর করছেন প্রধানমন্ত্রী। তার সফরের কর্মসূচিতে মানবিক সহায়তা, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। এরই অংশ হিসেবে বুধবার সকালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশন, রকফেলার ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) ও রোটারি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক দাতব্য ও মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ বৈঠক করেন তিনি।

বাংলাদেশে দারিদ্র্য হ্রাস, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা, প্রযুক্তি, জলবায়ু সহনশীলতা ও মানবিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব রয়েছে। এসব ক্ষেত্রে আন্তর্জাতিক জনহিতকর ও মানবিক সংস্থাগুলোর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে নতুন উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে।

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের গুরুত্বপূর্ণ কর্মসূচির একটি হলো ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে ভাষণ দেওয়া। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘের সাধারণ বিতর্কে এটিই হবে তার প্রথম বক্তব্য।

বিইউ/এআর