নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পিএম
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক দাতব্য, জনহিতকর ও মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশে মানবিক সহায়তা, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদারের বিভিন্ন বিষয় গুরুত্ব পেয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশন, রকফেলার ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) ও রোটারি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক দাতব্য ও মানবিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের কর্মসূচিতে মানবিক সংকট, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা বিশেষ গুরুত্ব পাচ্ছে। এরই অংশ হিসেবে এ বৈঠকে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগে আন্তর্জাতিক অংশীদারিত্ব বাড়ানোর বিষয়গুলো আলোচনায় আসে।
একই সঙ্গে বৈশ্বিক পর্যায়ে দাতব্য ও মানবিক সহযোগিতার পরিধি বাড়ানো এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য কার্যকর অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়েও মতবিনিময় হয়।
আরও পড়ুন
ট্রাম্প দম্পতির আমন্ত্রণে নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী
নিউইয়র্কে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী
বাংলাদেশে দারিদ্র্য হ্রাস, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা, প্রযুক্তি, জলবায়ু সহনশীলতা ও মানবিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব রয়েছে। এসব ক্ষেত্রে আন্তর্জাতিক জনহিতকর ও মানবিক সংস্থাগুলোর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে নতুন উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
প্রাতরাশ বৈঠকের পর প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে অংশ নেওয়ার কথা রয়েছে। ‘দ্য রোহিঙ্গা ক্রাইসিস: আ রিনিউড কল ফর আ ডিউরেবল সলিউশন ফ্রম প্রোট্র্যাক্টেড ডিসপ্লেসমেন্ট, উইথ জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি’ শীর্ষক এ আয়োজনে দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতি, ন্যায়বিচার ও জবাবদিহিতা এবং রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের বিষয় গুরুত্ব পাবে।
এ ছাড়া বুধবার প্রধানমন্ত্রী ‘ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড দ্য জাস্ট ট্রানজিশন’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকেও অংশ নেবেন।
নিউইয়র্ক সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচির একটি হলো ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রীর ভাষণ। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘের সাধারণ বিতর্কে এটিই হবে তাঁর প্রথম বক্তব্য। সূত্র: বাসস
জেবি