Dhaka Mail Logo

জাতীয়

আইজিপির সঙ্গে রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জ্যেষ্ঠ প্রতিবেদক

২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পিএম

বাংলাদেশ পুলিশের আইজি আলী হোসেন ফকিরের সঙ্গে রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতরে তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পুলিশ সদর দফতর জানিয়েছে, সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাতে রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োজিত রাশিয়ান নাগরিকদের নিরাপত্তা ও ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে আইজিপিকে ধন্যবাদ জানান। 

তিনি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেন।

আইজিপি পারস্পরিক সহযোগিতা ও বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূতের আগ্রহকে স্বাগত জানান। তিনি দু'দেশের উচ্চ পর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে নিয়মিত ডায়ালগ, উত্তম চর্চা ও তথ্য বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া, তিনি সাইবার নিরাপত্তা ও কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পুলিশ কর্মকর্তাদের উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ প্রদানে রাশিয়ান ফেডারেশনের সহযোগিতা কামনা করেন।

এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআইকে/এএম