নিজস্ব প্রতিবেদক
২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ এএম
বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের (ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. আলীমুল আমীন। এর আগে এ পদে দায়িত্ব পালন করা মেজর জেনারেল মো. নুরুল আনোয়ারকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) দুই কর্মকর্তাকে তাদের নামের পাশে উল্লেখ করা পদে প্রেষণে নিয়োগ ও প্রত্যাবর্তনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে তাদের চাকরি ন্যস্ত করা হয়েছে।
এর মধ্যে মেজর জেনারেল মো. আলীমুল আমীনকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে, এতদিন বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব পালন করা মেজর জেনারেল মো. নুরুল আনোয়ারকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে। তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জেবি