Dhaka Mail Logo

জাতীয়

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ১

জ্যেষ্ঠ প্রতিবেদক

২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পিএম

রাজধানীর সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি জড়িত মো. সালমান ইসলাম সাকিব ওরফে আসিফ (২৩) নামে একজনকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা রমনা বিভাগ।

গোয়েন্দা রমনা বিভাগ সূত্র জানায়, গত ১৫ সেপ্টেম্বর দুপুর ১টা ১৫ মিনিটে দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে এসে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল সদৃশ বোমা বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

ঘটনার পর গোয়েন্দা রমনা বিভাগ এ ঘটনায় জড়িতদের শনাক্তে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় রোববার মতিঝিল থানা এলাকায় অভিযান এ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত মো. সালমান ইসলাম সাকিব ওরফে আসিফকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। 

পরে গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাত আড়াইটার দিকে হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে চারটি ককটেল সদৃশ অবিস্ফোরিত বস্তু উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সালমান ইসলাম সাকিব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মতিঝিল থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে এবং জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা রমনা বিভাগের অভিযান অব্যাহত রয়েছে।
 
এমআইকে/এএইচ