Dhaka Mail Logo

জাতীয়

আফতাবনগরে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পিএম

রাজধানীর বাড্ডার আফতাবনগরে একটি নির্মাণাধীন ভবনে স্যানিটারি কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহাম (১৫) নামের এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিহাম চাঁদপুর সদর উপজেলার উত্তর নানুপুর মিয়াজী বাড়ি গ্রামের চান মিয়া গাজীর ছেলে। সে পরিবারের সঙ্গে বাড্ডার আফতাবনগর এফ-ব্লকের পাসপোর্ট অফিস এলাকায় থাকত। দুই ভাইয়ের মধ্যে সে ছিল ছোট।

নিহতের সহকর্মী আল-আমিন জানান, তারা ভবনটির ৮ তলায় স্যানিটারি কাজ করছিলেন। কাজের একপর্যায়ে তিনি নিচে নামেন। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন, সহকর্মীরা নিহামকে অচেতন অবস্থায় নিচে নামিয়ে আনছেন। তারা জানান, কাজ করার সময় হঠাৎ সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জ্ঞান হারিয়ে ফেলে।

পরে সহকর্মীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। দুপুরের দিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

এমএমআর/এআর