নিজস্ব প্রতিবেদক
২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পিএম
চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল রাতে দেশে ফেরেন তিনি।
সফরে সেনাপ্রধান জাপানের আইচি-নাগোয়া শহরে ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি বাংলাদেশের খেলোয়াড়দের বিভিন্ন ইভেন্টের খেলা দেখেন এবং অলিম্পিক কাউন্সিল অব এশিয়াসহ বিভিন্ন দেশের ক্রীড়া কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
এছাড়া সেনাপ্রধান অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ)-এর সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। পাশাপাশি বিভিন্ন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতিবৃন্দের সঙ্গে আলোচনা সভায় অংশ নেন।
এ ধরনের উচ্চ পর্যায়ের মত বিনিময় বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি ও বৈশ্বিক ক্রীড়া পরিমণ্ডলে বাংলাদেশের অংশগ্রহণকে আরও সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
এমআর