২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পিএম
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক কয়েদি ও এক হাজতির মৃত্যু হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে পৃথক সময়ে তাদের মৃত্যু হয়।
মৃত কয়েদির নাম সোহরাব হোসাইন (৫৫)। তার কয়েদি নং- ৭১৮/এ। গত ১৪ সেপ্টেম্বর কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাকে মেডিসিন বিভাগের ৬০২ নং ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার মান্দা থানার রাঙ্গামাটি গ্রামে। পিতার নাম উদ্দিন।
এদিকে অপর মৃত ব্যক্তি হলেন হাজতি মো. আজিম উদ্দিন (৩২)। তার হাজতি নং- ৭৫৮/এ। রোববার (২০ সেপ্টেম্বর) কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে মেডিসিন বিভাগের ৬০১ নং ওয়ার্ডে ভর্তি করা হলে রাত সোয়া ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাসা ঢাকার আশুলিয়ার শান্তিপাড়া এলাকায়। পিতার নাম আব্দুল আহাদ।
তাদের হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী আমিনুল ইসলাম জানান, তারা কোন মামলায় কারাবন্দি ছিলেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এম.এম.আর/এএস