Dhaka Mail Logo

জাতীয়

শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ এএম

‎রাজধানীর নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে চট্টগ্রামের সীতাকুন্ড থেকে গ্রেফতার করা হয়েছে।

‎রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে সীতাকুন্ডে একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।

‎গ্রেফতাররা হলেন- মোহাম্মদপুরের বহিস্কৃত যুবদল নেতা রিপন ওরফে রিপন মাস্টার ও বাদল ওরফে কাইল্লা বাদল।

‎বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, তাদেরকে গ্রেফতারের পর মোহাম্মদপুর থানা পুলিশকে জানানো হয়েছে। তাদেরকে মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, কাইল্লা বাদল মোহাম্মদপুরের আরেক শীর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত চাঁদাবাজ পাপ্পু ওরফে কিলার পাপ্পুর অন্যতম সহযোগী। কাইল্লা বাদল দীর্ঘদিন ধিরে পাপ্পুর হয়ে মোহাম্মদপুর তিন রাস্তা, বসিলা সড়কে ফুটপাতে চাঁদাবাজি নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধ করে আসছে। মোহাম্মদপুরে কাইল্লা বাদলের সঙ্গে ন্যাকেট শাকিল, ভান্ডারি ইমন, ভাইগ্না ইয়াসিন,  আরমান-শাহরুখ গ্রুপ সহযোগিতা করে আসছে।

‎২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে হত্যা, সমন্বয়কের ওপর হামলা, চাঁদাবাজিসহ বিভিন্ন ঘটনায় কাইল্লা বাদলের নাম এসেছে।

‎অপর দিকে, মোহাম্মদপুর আরেক সন্ত্রাসী লাল্লুর নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করে আসছিলো রিপন মাস্টার। সম্প্রতি বসিলায় একাধিক ব্যবসায়ীকে চাঁদার দাবিতে মোবাইল ফোনের হুমকি দেওয়ার ঘটনায় রিপন মাস্টারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এই দুই অপরাধীর পেছনে আমরা দীর্ঘদিন ধরে লেগে ছিলাম। অবশেষে গতকাল বিশেষ সূত্রের তথ্যে তাদের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার সহযোগিতায় গ্রেফতার করে ঢাকায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

‎একেএস/এএস