Dhaka Mail Logo

জাতীয়

আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে ৭ জন নিহত

নিজস্ব প্রতিবেদক

২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পিএম

সাভারের আশুলিয়ায় জামগড়ার এলাকার প্রীতি গ্রুপের এফএনএস কারখানার ভিতরে থাকা লরির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার প্রীতি গ্রুপের ওই তৈরি পোশাক কারখানাটিতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের পর কারখানার ভেতরে তল্লাশি অভিযান চালায়। এ সময় একটি কাবার ভেতর থেকে আরও পাঁচজনের ঝলসানো মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, বিস্ফোরণের প্রচণ্ড তীব্রতায় একটি সিলিন্ডার ছিটকে পাশের কাপড়ের দোকানে গিয়ে পড়লে জয়নাব বেগম নামে এক নারী ঘটনাস্থলেই মারা যান। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুলাল নামে আরও এক আহত ব্যক্তির মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা সাতজনে পৌঁছাল।

ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কারখানার ভেতরে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা নিশ্চিত করতে এখনও তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ধারণা করছে, কভার্ড ভ্যানের ভেতর থাকা সিএনজি সিলিন্ডার বিস্ফোরণ থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ ও মোট ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যাবে।

এআরএম