Dhaka Mail Logo

জাতীয়

সূত্রাপুরে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ, নিহত ১

২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পিএম

রাজধানীর সূত্রাপুরে সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে প্রমোত সরকার (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সূত্রাপুরের ধোলাইখাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাসা সূত্রাপুরের হেমেন্দ্র দাস রোড এলাকায়। তার পিতা মৃত রাম হরি সরকার।

নিহতের ভাই কল্যাণ কুমার জানান, প্রমোত সরকার একটি বেসরকারি কোম্পানিতে মালামাল সরবরাহের ডিলার হিসেবে কর্মরত ছিলেন। রোববার বিকেলে মালামাল নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রমোত অটোরিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে প্রমোত সরকারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এমএমআর/এএম