Dhaka Mail Logo

জাতীয়

জাতিসংঘের এবারের অধিবেশন বাংলাদেশের জন্য ‘বিশেষ’ যে কারণে

নিজস্ব প্রতিবেদক

২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পিএম

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সোমবার (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সেখানে তিনি বাংলায় ভাষণ দেবেন। 

এর আগে দেশের অন্য সরকারপ্রধানরাও জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিয়েছেন এবং ভাষণও দিয়েছেন। তবে ভিন্ন একটি কারণে জাতিসংঘের এবারের অধিবেশন বাংলাদেশের জন্য একটু বিশেষ।

সেটি হলো- এবারের অধিবেশনের সভাপতিত্ব করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। গত ২ জুন গোপন ব্যালটে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন তিনি। 

জাতিসংঘের সাধারণ পরিষদের নির্বাচনে ৯৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ড. খলিলুর রহমান। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকুরিস পান ৯১ ভোট। ফলে পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্যে জাতিসংঘের ৮১তম অধিবেশনটি বাংলাদেশের জন্য বাড়তি তাৎপর্য বহন করছে।

জাতিসংঘের প্রথমিক সূচি অনুযায়ী, সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর চলবে। ২৪ সেপ্টেম্বর সেখানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে তারেক রহমানের বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ২৬ আগস্ট প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন। তারপর ১৯৯৩ সালের ১ অক্টোবরে জাতিসংঘে ভাষণ দেন তার মা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া।

তারেক রহমানের আগামী বৃহস্পতিবারের ভাষণের মধ্য দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সঙ্গে জিয়া পরিবারের চার দশকেরও বেশি সময়ের সম্পর্কের নতুন অধ্যায় সূচিত হবে।

এএইচ