নিজস্ব প্রতিবেদক
২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পিএম
বাণিজ্য, বিনিয়োগ, ফার্মাসিউটিক্যালস, কৃষি, জাহাজ নির্মাণ শিল্প বিপক্ষীয় সম্পর্ক বাড়াতে চায় বাংলাদেশ ও আলজেরিয়া।
রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি, সেখানে উভয় পক্ষ এই আলোচনা করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানান। এ সময় উভয় পক্ষ বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব এবং ক্রমবর্ধমান সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে তিনি আলজেরিয়ার রাষ্ট্রদূতকে জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধির অনুরোধ জানান।
এছাড়া উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, ফার্মাসিউটিক্যালস, কৃষি, জাহাজ নির্মাণ এবং জনযোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা করেন।
দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সার খাতে সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন প্রতিমন্ত্রী। একই সাথে দুই ভাইপ্রতীম দেশের সম্পর্ক আরও গভীর করতে উচ্চপর্যায়ের সফর বিনিময় এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর জোর দেন তিনি।
জবাবে আলজেরিয়ার রাষ্ট্রদূত জ্বালানি, ফার্মাসিউটিক্যালস, সার, জাহাজ নির্মাণ, সামুদ্রিক শিপিং লাইন এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়ের মাধ্যমে বিদ্যমান সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহযোগিতার আশ্বাস দেন।
এসএইচ/এআরএম