নিজস্ব প্রতিবেদক
২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পিএম
রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগের এক নেতাসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ। এসময় অবিস্ফোরিত চারটি ককটেল উদ্ধার করা হয়।
রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবি ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহীন।
গ্রেফতারকৃতরা হলেন- বংশাল থানা ওয়ার্ড আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. রায়হান উদ্দিন, রাসেল খান, আলাউদ্দিন ও আব্দুল্লাহ ।
সংবাদ সম্মেলনে ডিসি মোল্লা মোহাম্মদ শাহিন জানান, গত ১৮ সেপ্টেম্বর রাত আটটায় যাত্রাবাড়ী থানার সামনে সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এক পথচারী গুরুতর আহত হন। ঘটনার পর যাত্রাবাড়ী থানা পুলিশের পাশাপাশি ডিবি ওয়ারী বিভাগ ছায়া তদন্ত শুরু করে।
পরবর্তীতে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হয়। এরপর গত ১৯ সেপ্টেম্বর বংশাল থানা এলাকায় অভিযান চালিয়ে রায়হান উদ্দিন নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করে ডিবির একটি দল।
ডিসি শাহিন জানান, রায়হানকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গত ২০ সেপ্টেম্বর রাত সোয়া ১২টার দিকে লালবাগ থানার জেন সাহা রোডের একটি ১০ তলা ভবনের নিচতলার পার্কিং এলাকায় অভিযান চালানো হয়। সেখানে পার্কিংয়ের একটি পিলারের পাশে ইটের সুরকির বস্তার মধ্যে থেকে লাল কসটেপে মোড়ানো চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। এরপর ডেমরা থানার ডগাইর এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত আরও তিনজনকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত রায়হান উদ্দিন এর আগে মতিঝিল থানার একটি মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন। পরে জামিনে বের হয়ে তিনি আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ান। গ্রেফতারকৃতরা কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের সদস্য। তারা মূলত জনমনে ভীতি সৃষ্টি করতে ঢাকার বিভিন্ন স্থানে এ ধরনের কর্মকাণ্ড করছেন।
ডিসি আরও বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হবে। তাদের সঙ্গে আরও কারা জড়িত, রিমান্ডে সে বিষয়ে জানা যাবে।
একেএস/এএইচ