নিজস্ব প্রতিবেদক
২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পিএম
ভোরের তুমুল বৃষ্টির পর যাত্রাবাড়ী, শনিরআখড়া, মতিঝিল, কমলাপুর, আরামবাগ ও গুলিস্তানসহ রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী, পথচারী ও সড়কে চলাচলকারী মানুষ। কোথাও কোথাও পানি জমে যানবাহনের ধীরগতির কারণে যানজটও দেখা দিয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে ঝোড়ো বাতাসের পর রাজধানীর বিভিন্ন এলাকায় তুমুল বৃষ্টি শুরু হয়। এসময় কয়েক দফা বজ্রপাতও হয়। পরে সকাল ৮টা থেকে ৯টার দিকে বৃষ্টি কমে এলেও বিভিন্ন সড়কে জমে থাকা পানি পুরোপুরি সরেনি।

সরেজমিনে রাজধানীর যাত্রাবাড়ী, শনিরআখড়া, মতিঝিল, কমলাপুর, আরামবাগ ও গুলিস্তান এলাকার বিভিন্ন সড়ক ঘুরে এমনই চিত্র দেখা যায়। এসব এলাকায় পথচারীদের পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। অনেক সড়কে পানি জমে থাকায় যানবাহন চলাচলেও ধীরগতি তৈরি হয়েছে।
এদিকে জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের পক্ষ থেকে কাজ শুরু করা হয়েছে বলে জানানো হয়েছে। জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনে সংশ্লিষ্ট কর্মীরা কাজ করছেন।
এর আগে আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়, ২০ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। রাতের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।
রাত ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। গতকাল (শনিবার) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। গত ছয় ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।
এমআর/এএইচ