Dhaka Mail Logo

জাতীয়

ওবায়দুল কাদেরসহ সাতজনের রায় দ্রুত কার্যকরের দাবি

নিজস্ব প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পিএম

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে ‘মঞ্চ ২৪’। একইসঙ্গে ‘সাইবার সুরক্ষা আইন ২০২৬’ বাতিলের দাবি জানিয়েছে সংগঠনটি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। 

সংবাদ সম্মেলনে মঞ্চ ২৪’র আহ্বায়ক ফাহিম ফারুকী বলেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছেন। আগামী এক মাসের মধ্যে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ তাদের প্রত্যেককে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করতে হবে।

১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ সাতজনকে মৃত্যুদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। 

ফাহিম ফারুকী বলেন, আইনের মারপ্যাঁচে আওয়ামী লীগকে কোনো সুযোগ দেওয়া হলে দেশে যেকোনো সময় গণবিস্ফোরণ ঘটতে পারে। আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, যে দল নিষিদ্ধ হয়েছে এবং গণবিস্ফোরণের মুখে যাদের প্রধান দেশ থেকে পালিয়েছেন, সেই দল কীভাবে লকডাউনের মতো কর্মসূচি দেয়।

তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের পক্ষ থেকে প্রকাশ্যে ককটেল বিস্ফোরণ ঘটানো হলেও স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রশাসন নীরব রয়েছে। এ সময় তিনি আগামীকাল সকাল ৯টা থেকে শাহবাগে অবস্থান নেওয়ার জন্য মঞ্চ ২৪সহ জুলাই অভ্যুত্থানের সব সংগঠনের প্রতি আহ্বান জানান।

সাইবার সুরক্ষা আইন ২০২৬ বাতিলের দাবিও জানান ফাহিম ফারুকী। তিনি আইনটিকে জনগণের কণ্ঠ রোধ করার ‘সম্মিলিত আইন’ হিসেবে উল্লেখ করে অবিলম্বে তা বাতিলের আহ্বান জানান।

এএইচ/এএইচ