Dhaka Mail Logo

জাতীয়

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পিএম

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পর এবার একই জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. সরোয়ার হোসাইনকে সরিয়ে দেওয়া হয়েছে।

এছাড়া একই আদেশে আরও তিনজন অতিরিক্ত উপ-কমিশনারের দায়িত্বে রদবদল আনা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোহাম্মদ মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের নামের পাশে উল্লিখিত পদে বদলি করা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলামকে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিরপুর জোন), মিরপুর বিভাগে বদলি করা হয়েছে।

অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিরপুর জোন), মিরপুর বিভাগের ফারজিনা নাসরিনকে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (পূর্বী জোনাল টিম), গোয়েন্দা-মিরপুর বিভাগে বদলি হয়েছেন।

অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ক্রিমিনাল ক্রাইম ইনভেস্টিগেশন) মোহাম্মদ আমিনুল হক রাহীকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ থেকে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গুলশান জোন), গুলশান বিভাগে বদলি করা হয়েছে।

এ ছাড়া অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গুলশান জোন) মো. সারোয়ার হোসাইনকে গুলশান বিভাগ থেকে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (তেজগাঁও জোনাল টিম) গোয়েন্দা-ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।

আদেশে অফিস আদেশে সংশ্লিষ্ট সব শাখাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর গুলশানে মিছিল করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ। এই ঘটনায় পুলিশের গোয়েন্দা ব্যর্থতা ফুটে উঠেছে; যা নিয়ে পুলিশ বাহিনীতে তোলপাড় শুরু হয়। এ ঘটনার পর গুলশানের ডিসি ও ওসিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

এআরএম