Dhaka Mail Logo

জাতীয়

যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পিএম

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ কাজলা এলাকায় একটি নির্মাণাধীন ভবনের সাত তলা থেকে পড়ে আলামিন (২৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টা ১৫ মিনিটের দিকে দক্ষিণ কাজলা ৫/এ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আলামিনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার দরিয়াপুর গ্রামের মুকুলের ছেলে। পেশায় তিনি রাজমিস্ত্রি ছিলেন।

তিনি যাত্রাবাড়ী থানার দক্ষিণ কাজলা এলাকাতেই বসবাস করতেন। তিনি বিবাহিত ছিলেন।

আলামিনের সহকর্মী এবং স্বজনরা জানান, বেলা পৌনে ১২টার দিকে যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ কাজলা ৫/এ টাঙ্গাইল হাউজের ৭ তলা ভবনের উপরে বাইরে বাঁশের মাচালের উপর দাঁড়িয়ে কাজ করছিলেন আলামিন। এসময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান।

এতে তিনি গুরুতর আহত হয়ে পড়েন। পরবর্তীতে আমরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে দুপুর সোয়া দুইটার দিকে মৃত বলে ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

এমএমআর/এএম