Dhaka Mail Logo

জাতীয়

নিউমার্কেটের কাঁচাবাজারে পড়ে ছিলেন অচেতন এক নারী, ঢামেকে মৃত্যু

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পিএম

রাজধানী নিউমার্কেট থানা সংলগ্ন বনলতা কাঁচাবাজারে সিঁড়ির ওপর অচেতন অবস্থায় পড়ে থাকা অজ্ঞাতপরিচয়ের এক নারীর মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ওই নারীর আনুমানিক বয়স ৪৬ বছর।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বনলতা কাঁচাবাজারের ৬ নম্বর সিঁড়িতে অচেতন অবস্থায় ওই নারীকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) সাগর সাহা জানান, খবর পেয়ে বনলতা কাঁচাবাজারের ৬ নম্বর সিঁড়ির ওপর ওই নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং তিনি ওই এলাকাতেই থাকতেন। তবে এখন পর্যন্ত তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

নিহতের পরিচয় শনাক্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিকভাবে অসুস্থতাজনিত কারণে ওই নারীর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এমএমআর/এএস