নিজস্ব প্রতিবেদক
১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ এএম
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা নাটোরের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বড়াইগ্রাম-২ (তালশো) উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও গাছপালার ডালপালা কর্তনের কাজের জন্য শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপকেন্দ্রটির আওতাধীন সব ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এসময় বড়াইগ্রাম পৌরসভা, বড়াইগ্রাম ইউনিয়ন, জোনাইল ইউনিয়ন, নগর ইউনিয়নের আংশিক এলাকা এবং গুরুদাসপুরের চাপিলা ইউনিয়নের আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ফলে এসব এলাকার গ্রাহকদের সাময়িক ভোগান্তিতে পড়তে হতে পারে।
পল্লী বিদ্যুৎ সমিতি আরও জানিয়েছে, নির্ধারিত কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধের সময়সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
এমএইচআর