Dhaka Mail Logo

জাতীয়

সাত বছর পর ঢাকায় জাপান ভেস্টিভ্যাল

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পিএম

ঢাকায় ‘জাপান ফেস্টিভ্যাল ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। প্রায় সাত বছর পর বাংলাদেশে এমন অনুষ্ঠান করলো জাপান দূতাবাস।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এই উৎসবের উদ্বোধন করা হয়।

বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এই উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও জাপান অবশ্যই খুব ভালো বন্ধু। আমরা সবসময় জাপানি ঐতিহ্য ও তাদের ঐতিহাসিক উন্নয়নকে অনুসরণ করব।’

বাংলাদেশ ও জাপান-উভয় দেশের ইতিহাস ও ঐতিহ্যের কথা বলতে গেলে ঐতিহাসিকভাবে দুই দেশের ঐতিহ্য ও সংস্কৃতির মধ্যে চমৎকার মিল রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে  ‘জাপান ফেস্টিভ্যাল ২০২৬’ এ সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ও ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচিসহ অতিথিবৃন্দ
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে  ‘জাপান ফেস্টিভ্যাল ২০২৬’ এ সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ও ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচিসহ অতিথিবৃন্দ

নিতাই রায় চৌধুরী বলেন, ‘আমরা সবসময় জাপানের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক আরও জোরদার করতে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি।’

তিনি বলেন, ‘জাপান একটি অত্যন্ত উজ্জ্বল ও গর্বিত দেশ। আমরা জাপানি জনগণের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করি।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। 

আয়োজকরা জানান, জাপান ফেস্টিভ্যাল ২০২৬’ বাংলাদেশের মানুষের সামনে জাপানের বৈচিত্র্যময় ও সমৃদ্ধ সংস্কৃতিকে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।

উদ্বোধনীর প্রথম দিনে দর্শনার্থীরা জাপানের ঐতিহ্যবাহী ও সমকালীন সংস্কৃতি পরিবেশন করা হয়। এছাড়াও কারাতে ও কেনদোসহ জাপানি ঐতিহ্যবাহী মার্শাল আর্টেরও প্রদর্শনী ছিল। এসবের পাশাপাশি জাপানি সংগীত জুটি ‘বাজনা বিট’ বাংলাদেশের শিল্পীদের সঙ্গে যৌথ পরিবেশনায় অংশ নেয়। 

এ ছাড়া জাপানে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কেও শিক্ষার্থীদের পরামর্শ দেওয়ার ব্যবস্থা রাখা হয়।

পরে ঐতিহ্যবাহী জাপানি নৃত্যশিল্পী সেনজু এইনোজোর মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়।

এমআইকে/এএম