Dhaka Mail Logo

জাতীয়

শিশুদের খেলাধুলার সুযোগ বাড়াতে বাবুল্যান্ডের নতুন ইনডোর প্লে-গ্রাউন্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পিএম

রাজধানীতে ব্যস্ত নগরজীবনে শিশুদের খেলাধুলার জায়গা দিন দিন হয়ে আসছে আরও সংকুচিত। নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে শিশুদের বিনোদন ও শারীরিক-মানসিক বিকাশের সুযোগ বাড়াতে ধানমন্ডি-২৭ এ উদ্বোধন করা হলো ইনডোর প্লে-গ্রাউন্ড বাবুল্যান্ডের ২৩তম শাখা। নতুন এ শাখায় শিশুদের জন্য রাখা হয়েছে সফট প্লে জোন, বল পুল, স্লাইড, ক্লাইম্বিং জোন, রোল প্লে কর্নারসহ বিভিন্ন ধরনের রাইড ও খেলাধুলার ব্যবস্থা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডি-২৭ এর মীনা বাজার ভবনের তৃতীয় তলায় নানা আয়োজনের মধ্য দিয়ে নতুন শাখাটির উদ্বোধন করা হয়। শাখাটি চালু হওয়ায় ধানমন্ডি-২৭ ও আশপাশের এলাকার অভিভাবকেরা সন্তানদের নিয়ে সহজেই খেলাধুলা ও বিনোদনের সুযোগ পাবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

উদ্বোধনী দিনে সন্তানকে নিয়ে বাবুল্যান্ডে আসা অভিভাবক সৈয়দা নিপুণ আক্তার বলেন, ধানমন্ডিতে থাকি, কিন্তু বাচ্চাকে নিয়ে নিরাপদে খেলাধুলা করার মতো জায়গা খুব বেশি নেই। এখানে বাসার কাছেই এমন একটি জায়গা হওয়ায় এখন সন্তানকে নিয়ে নিয়মিত আসতে পারব। বিশেষ করে নানা ধরনের খেলার ব্যবস্থা থাকায় বাচ্চারা আনন্দের পাশাপাশি শারীরিকভাবেও সক্রিয় থাকতে পারবে।

বাবুল্যান্ডে নিজের শিশুকে খেলাধুলা করাতে নিয়ে আসা আরেক অভিভাবক তাসলিমা নাসরিন বলেন, শিশুরা সারাক্ষণ মোবাইল বা ট্যাবের দিকে তাকিয়ে থাকুক, সেটা আমরা কেউই চাই না। বাসার কাছাকাছি নিরাপদ জায়গায় এসে খেলতে পারলে তাদের সময়টা ভালোভাবে কাটবে। নতুন শাখাটির পরিবেশও বেশ সুন্দর মনে হয়েছে। আমাদের জন্য বেশ উপকার হয়েছে।

উদ্বোধনী দিনে বাবুল্যান্ডে খেলাধুলা করতে আসা ধানমন্ডির নালন্দা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আফিয়ান খান বলেন, সপ্তাহে প্রতিদিন ক্লাস থাকে, তাই মাঠে গিয়ে খেলাধুলা করার সুযোগ হয় না। বাসার পাশে বাবুল্যান্ড হওয়াতে আমাদের খেলাধুলার সুযোগ হয়েছে। এজন্য বাবুল্যান্ড কর্তৃপক্ষকে ধন্যবাদ।

বাবুল্যান্ডের চেয়ারম্যান ইসনাদ চৌধুরী বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ বিবেচনায় রেখে আমাদের প্রতিটি শাখা নির্মাণ করা হয়েছে। ধানমন্ডি-২৭ এর নতুন শাখায় শিশুদের খেলাধুলার পাশাপাশি জন্মদিন ও পারিবারিক অনুষ্ঠান আয়োজনের সুবিধাও রাখা হয়েছে। শিশুদের নিরাপত্তা ও পরিচ্ছন্নতার বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি‌। এজন্য নিয়মিত সবকিছু জীবাণুমুক্ত করা হয়। শিশুদের নিরাপত্তায় সার্বক্ষণিক প্রশিক্ষিত অ্যাটেনডেন্ট দায়িত্ব পালন করে থাকেন।

BL

বাবুল্যান্ডের ব্যাবস্থাপনা পরিচালক এনামুল হক কোলিন্স বলেন, শিশুর নির্মল হাসিই আমাদের সবচেয়ে বড় অর্জন। ‘Spreading Happiness’ এই বিশ্বাস নিয়েই বাবুল্যান্ডের পথচলা শুরু। যান্ত্রিক এই নগরজীবনে শিশুদের ছুটে বেড়ানোর জায়গা ক্রমেই সংকুচিত হয়ে আসছে; ফলে মুঠোফোনের পর্দায় আটকে যাচ্ছে তাদের শৈশব, ব্যাহত হচ্ছে শারীরিক ও মানসিক বিকাশ। আমরা চাই, প্রতিটি অভিভাবক যেন নিশ্চিন্ত মনে সন্তানকে খেলতে ছেড়ে দিতে পারেন, আর শিশুরা বেড়ে উঠতে পারে প্রাণভরে হেসে-খেলে। ধানমন্ডির অভিভাবকদের ভালোবাসা ও আগ্রহের কথা ভেবেই এখানে আরও একটি শাখা চালু করা হলো।

শুক্র ও শনিবার এবং সরকারি ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে বাবুল্যান্ডের ধানমন্ডি-২৭ শাখা। অন্যদিকে রবি থেকে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

নিরাপত্তার বিষয়টি বিবেচনায় সর্বোচ্চ ৪ ফুট ৩ ইঞ্চি বা ১৩০ সেন্টিমিটার উচ্চতার শিশুরা প্লে-জোনে খেলতে পারবে। শিশুদের সঙ্গে অভিভাবকের উপস্থিতি বাধ্যতামূলক। তবে নির্ধারিত প্রবেশ ফি দিয়ে সব বয়সের অতিথিরা প্রবেশ করতে পারবেন। ভেতরে সবার জন্য মোজা পরা বাধ্যতামূলক।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেজর জেনারেল আব্দুস সালাম চৌধুরী, শাওন চৌধুরী, সৈকত চৌধুরী, সিফাত বিন সবুর, মো. ওমর ফারুক পাটোয়ারী, রিজভী শাহরিয়ার, ফয়সাল ফেরদৌস, শাদ উদ্দিনসহ বাবুল্যান্ড এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


বিইউ/এফএ