Dhaka Mail Logo

জাতীয়

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

নিজস্ব প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পিএম

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া অডিওটির বিষয়ে তদন্ত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে ডিবিতে তাকে ডাকার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।

তিনি বলেন, ডিএমপি থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিই রাকিবুল হাসানকে ডেকেছে। কমিটিতে ডিবির একজন এবং ডিএমপি সদর দপ্তরের দুজন সদস্য রয়েছেন। ভাইরাল হওয়া অডিওটির বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে ভাইরাল হওয়া অডিওতে ওসি রাকিবুল হাসানের নামে প্রচারিত একটি কথোপকথনে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, রাস্তায় থাকা পুলিশ খুবই দুর্বল। শেখ হাসিনা যদি ডিসেম্বরে ফিরে আসেন, তবে তারা কিছুই করতে পারবে না।

অডিওতে আরও এক ব্যক্তিকে দাবি করতে শোনা যায়, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএনপির দিকে ঝুঁকছেন, তবে মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা তা করছেন না। এ ছাড়া পুলিশের পদায়নে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়েও তাঁকে কথা বলতে শোনা যায়।

একেএস/এআর