নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পিএম
রাজধানীর সবুজবাগের বাসাবোতে পারিবারিক কলহের জেরে সৎ ভাই ও তার স্ত্রীর ধাক্কায় গুরুতর আহত আফরোজা আইরিন (৪৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
নিহত আফরোজা সবুজবাগের বাসাবোর আহমেদবাগ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ থানার এখলাছপুর গ্রামের আনোয়ার উল্লাহর মেয়ে।
পুলিশ জানায়, গত ১৪ সেপ্টেম্বর রাত ১০টার দিকে বাসাবোর নিজ বাসায় পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আফরোজা আইরিনের সঙ্গে তার সৎ ভাই বাবু ও তার স্ত্রী ফাতেমার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাবু ও ফাতেমা তাঁকে জোরে ধাক্কা দিলে তিনি ইটের ওপর পড়ে যান। এতে তাঁর মাথার পেছনে গুরুতর আঘাত লাগে।
পরে আশঙ্কাজনক অবস্থায় আফরোজাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তাঁর মৃত্যু হয়।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, বুধবার বিকেল পাঁচটার দিকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আফরোজার মরদেহ উদ্ধার করে পুলিশ। সুরতহাল ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মৃত্যুর সঠিক কারণ জানতে বৃহস্পতিবার দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের দুলাভাই মো. আফজাল জানান, আফরোজা জীবনে দুবার বিয়ে করেছিলেন। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি বেলাল হোসেনকে বিয়ে করেন। দুই সংসারেই তার একটি করে পুত্রসন্তান রয়েছে। সাত ভাই-বোনের মধ্যে পাঁচ ভাই ও দুই বোন—আফরোজা ছিলেন সবার ছোট।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এমএমআর/এআর