নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পিএম
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার সময় নৌকাডুবিকে ৮ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডি বলছে, গ্রেফতারকৃতরা আন্তর্জাতিক মানবপাচারের সঙ্গে জড়িত।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন— রফিকুল ইসলাম ওরফে রফিক বাঘা ও আমির হোসেন স্বপন।
সিআইডির মানবপাচার ইউনিটের ( টিএইচবি) একটি দল গত ১৬ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যায় মাদারীপুর জেলার রাজৈর থানাধীন টেকেরহাট বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
ছুফি উল্লাহ জানান, একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র ভুক্তভোগীদের বৈধভাবে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে তাদের পরিবারের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে তাদের অবৈধভাবে লিবিয়া থেকে ইঞ্জিনচালিত ট্রলারে করে সমুদ্রপথে ইতালি পাঠানোর চেষ্টা করা হয়। এ সময় তিউনিসিয়া উপকূলে ট্রলারটি ডুবে গেলে আটজন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, তারা নিহত ভুক্তভোগী রাসেল শেখ এর পরিবারের কাছ থেকে অর্থ সংগ্রহ, মানবপাচারকারী চক্রের অন্যান্য সদস্যদের কাছে অর্থ পৌঁছে দেওয়া এবং তাকে বিদেশে পাঠানোর প্রক্রিয়ায় সহযোগিতা করার কথা জানিয়েছে। গ্রেফতারকৃতদের আইনি প্রক্রিয়া মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় মামলার এজাহার থেকে জানা যায় যে, ২০২৪ সালের ৯ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত স্থানীয় বিভিন্ন সময়ে বাংলাদেশি নাগরিকদের লিবিয়া থেকে সমুদ্রপথে ইতালি পাঠানোর চেষ্টা করা হয়। এ সময় ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে আটজন বাংলাদেশি মৃত্যুবরণ করেন। পরবর্তীতে নিহতদের মরদেহ সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরিয়ে এনে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। মামলার ঘটনাস্থল থেকে বেঁচে ফেরা একমাত্র ভুক্তভোগী আদালতে দেওয়া জবানবন্দিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম ও ঠিকানা প্রকাশ করেছেন।
সিআইডির বিশেষ পুলিশ সুপার জানান, বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করছে সিআইডি। মামলাটির তদন্তে গ্রেফতারকৃতদের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি, পলাতক আসামি এবং চক্রটির দেশি-বিদেশি সহযোগী ও সম্ভাব্য ভুক্তভোগীদের শনাক্ত করতে সিআইডির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
সিআইডি আরও সতর্ক করে জানায়, বিদেশে কর্মসংস্থান, অভিবাসন বা ভ্রমণের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রলোভনে পড়ে যাচাই-বাছাই ছাড়া অর্থ বা পাসপোর্ট হস্তান্তর না করতে দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছে। বিদেশে যাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র সরকার অনুমোদিত ও বৈধ প্রক্রিয়া অনুসরণ এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বৈধতা যথাযথভাবে যাচাই করার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।
এ ছাড়াও কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ভিসা পাইয়ে দেওয়ার নামে অস্বাভাবিক অঙ্কের অর্থ দাবি করলে, পাসপোর্ট জিম্মি করে রাখলে অথবা ভিসা জালিয়াতি, মানবপাচার কিংবা অবৈধ অভিবাসনের সঙ্গে জড়িত থাকার সন্দেহ হলে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সিআইডিকে অবহিত করার জন্যও অনুরোধ করেছে সংস্থাটি।
একেএস/এফএ